২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হাতবোমায় ঝলসেছে মোটরসাইকেল আরোহীর মুখ

হবিগঞ্জ শহরে হরতাল সমর্থকদের হাতবোমা হামলায় এক মোটরসাইকেল আরোহীর মুখ ঝলসে গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 03:16 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

আহত আল আমিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে তার ওপর এ হামলা হয় বলে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান।

তিনি বলেন,  হরতাল সমর্থকরা ডাকবাংলোর সামনে একটি মোটরসাইকেল লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারলে আরোহী আল আমিনের মুখ ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি নাজিম বলেন, এ ঘটনায় দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রায় একই সময়ে শহরের পৌরসভার সামনের এলাকায়ও একটি হাতবোমা ফাটানো হয় বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সারা দেশে এ

হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের মধ্যেই এ হরতাল চলছে।

অবরোধের মধ্যে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীদের পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।