নাশকতার পরিকল্পনাকারীদের দিকেও নজর গোয়েন্দাদের
লাগাতার অবরোধে রাজধানীতে সহিংসতার ইন্ধনদাতা ও সরাসরি জড়িতদের সন্ধানে মাঠে নেমেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
যেসব এলাকায় নাশকতা হচ্ছে, সেসব এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির মাধ্যমে অপরাধীদের আটকের পরিকল্পনা নিয়ে এগোনোর কথা জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
তারা বলছেন, অবরোধে ঢাকায় গণপরিবহনে আগুন দেওয়ার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, নির্দেশ পালনকারী, কিসের বিনিময়ে তারা এসব কাজে জড়াচ্ছেন, কোন কোন এলাকায় গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা বেশি ঘটছে- এসব বিষয় চিহ্নিত করা হচ্ছে।
এভাবে কাজ করে এরইমধ্যে গোয়েন্দারা সাফল্যও পেতে শুরু করেছেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।
নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ও মিরপুর থেকে আটজনকে আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের আরেক উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান।
দশম সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপিনেত্রী খালেদা জিয়া।
এরপর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা, বোমাবাজির ঘটনায় অনেকটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় প্রাণহানিসহ আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অবরোধের নয় দিনে (বুধবার পর্যন্ত) রাজধানীতে অর্ধশতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার অবরোধের মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চলাকালে কলা ভবনের একটি টয়লেট থেকে চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
এছাড়া গত রোববার সুপ্রিম কোর্টের দুটি এজলাসে তিনটি হাতবোমা এবং সন্ধ্যায় আইনজীবী সমিতির টয়লেট থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়।
একে নাশকতার চেষ্টা হিসেবে ধরে এর পরিকল্পনাকারী ও জড়িতদের সন্ধানে সাদা পোশাকে অভিযানে নামার কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।
তিনি বলেন, “যারা নাশকতায় জড়িত তাদের সন্ধানে নেমেছে গোয়েন্দারা, কারণ তারা ‘সমস্যার’ গভীরে যেতে চায়।
“অপরাধীর কোনো দল নেই। তাদের আইনের আওতায় এনে পুলিশ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে চায়। এজন্য তারা কঠোর পরিশ্রম করছে।”
তাছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দুর্বলতা, অবহেলা ও অদক্ষতার কারণেও অনেক আসামি পার পেয়ে যায় বলে জানান তিনি।
আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, “এ ধরনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলায় মৃত্যুদণ্ডের সাজাও আছে, অস্ত্র আইনের মামলায় সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তি আছে, বিস্ফোরক মামলায় ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি আছে।
“অনেক সময় এসব মামলা হাই কোর্ট স্টে রাখে, তার বিভিন্ন লজিকও আছে। কারণ এ ধরনের মামলার এজাহারে অধিকাংশ সময়ই আসামির স্পেসেফিক নাম থাকে না। দেখা গেল একজন চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, কিন্তু তাকে নির্দেশদাতা হিসাবে দেখানো হয়েছে। অনেক সময় দেখা যায়, কেউ হজে ছিলেন অথচ পুলিশ বলেছে তিনি পল্টনে উপস্থিত ছিলেন, এমন ঘটনার নজিরও আছে।”
যথাযথভাবে আইন প্রয়োগ করা গেলেই অপরাধীর শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি।
