২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে স্মার্ট এনআইডি বিতরণ শুরু করতে চায় ইসি

স্বাধীনতা দিবসের ‘উপহার’ হিসেবে ভোটারদের কাছে উন্নত মানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করতে চায় নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 12:13 AM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এ লক্ষ্যে বুধবার ফ্রান্সের অবার্থুর টেকনোলজিস নামে এক সংস্থার সঙ্গে প্রায় ৮০০ কোটি টাকার আইডি কার্ড প্রস্তুত ও বিতরণ সংক্রান্ত চুক্তি হয়েছে।

আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন-জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কার্যালয়ে ফ্রান্সের কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইসি সচিব, ফ্রান্সের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত ও বিশ্ব ব্যাংকের বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, ভোটারদের স্মার্ট কার্ড দিতে ২০১১ সালের জুলাইয়ে প্রকল্প নেওয়ার পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কার্ড প্রস্তুত ও বিতরণের এ চুক্তি সম্পাদিত হল।

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “ভোটাররা এতদিন লেমিনেটেড আইডি কার্ড পেত। এ চুক্তির ফলে আগামী বছরের জুনের মধ্যে ৯ কোটি ভোটারদের উন্নতমানের স্মার্ট কার্ড দেওয়া হবে।”

এ বছরের মার্চেই স্মার্ট কার্ড বিতরণের কাজটি শুরু করতে চান বলে জানান তিনি।

“আগামী স্বাধীনতা দিবসে অন্তত প্রতীকিভাবে হলেও কার্ড বিতরণ শুরু করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এ কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।”

বর্তমানে ৯ কোটিরও বেশি ভোটার নিবন্ধিত রয়েছে।