রিয়াজ রহমানকে গুলির মামলার বাদী পুলিশ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে, যাতে ৮-১০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বিএনপি নেতার পরিবার রাজি না হওয়ায় পুলিশের পক্ষ থেকে বুধবার মামলাটি করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে গুলশান ২ নম্বর সেকশনের কাছে গুলি চালানোর পর রিয়াজের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। গুলির চারটি ক্ষতচিহ্ন নিয়ে সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, বিএনপি নেতার পরিবারের কেউ তাদের সঙ্গে মামলার বিষয়ে যোগাযোগ করেনি। পুলিশের কয়েকজন কর্মকর্তা হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলেও চিকিৎসকের অনুমতি পাননি।
এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াজ রহমানের পরিবারের সদস্যদের অনুরোধ করার পরও ঘটনার প্রত্যক্ষদর্শী গাড়িচালককে পুলিশের কাছে আনে বা তার অবস্থানও পুলিশকে জানায়নি।
“শেষে সন্ধ্যায় পুলিশ বাদী হয়েই একটি মামলা করেছে। সেখানে আসামি হিসাবে ৮/১০ জন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীর কথা উল্লেখ করা হয়েছে,” বলেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাও ঘটনাটির তদন্ত করছেন।
রিয়াজ রহমান যেখানে হামলার শিকার হন, গুলশানের সেই ৪৬ নম্বর সড়ক বুধবার পরিদর্শন করে সিআইডির ফরেনসিক বিভাগের একটি দল। তারা ঘটনাস্থল থেকে একটি প্লস্টিকের বোতল, গাড়ি পোড়ার কিছু অংশ জব্দ করে। এছাড়া আগারগাঁও ডাম্পিংয়ে রাখা পুড়ে যাওয়া গাড়িটিও পরীক্ষা করে।
হামলার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তলে ব্যবহার করা একটি গুলির খোসা এবং গুলির মাথার অংশ পায় বলে এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের পাশের একটি ভবনের বাইরে রাখা সিসি ক্যামেরার হার্ডডিক্স জব্দ করে নিয়ে যায়।
সিসি ক্যামেরায় ধারণ করা চিত্র দেখে এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় চারটি মোটর সাইকেল ৪৬ নম্বর সড়ক দিয়ে বেরিয়ে কামাল আতাতুর্ক এভিনিউর দিকে গিয়েছিল।
গুলশান এক নম্বর থেকে দুই নম্বর মোড়ে পৌঁছার আগে একটি রাস্তা বাঁ দিকে ঢুকে গেছে। এই রাস্তাটি ৪৬ নম্বর, যা বাঁক নিয়ে কামাল আতাতুর্ক এভিনিউতে গিয়ে যুক্ত হয়েছে। এই রাস্তার মাঝামাঝি জায়গায় রিয়াজ রহমানকে গুলি এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ক্যামেরার ধারণ করা চিত্র দেখে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই কর্মকর্তা বলেন, “যে চারটি মোটর সাইকেল বের হতে দেখা যায়, তার প্রথমটিতে একজন শিশুসহ তিনজন ছিল। এরপর পরপর দুটি মোটর সাইকেলে তিনজন করে ছয়জন যায়। শেষ মোটর সাইকেলটিতে ছিল দুজন।”
শিশু বহনকারী মোটর সাইকেলটিকে বাদ দিয়ে পরের তিনটি মোটর সাইকেলের আরোহীদের সনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তিনজন হামলাকারীকে দেখার কথা ঘটনার পরপরই পুলিশকে জানিয়েছিলেন রিয়াজ। তার সঙ্গে থাকা গাড়িচালককে বাসায় চলে যেতে বলার কথা মঙ্গলবার জানিয়েছিলেন বিএনপি নেতার য়াজামাতা আরসালান কুদ্দুস।
রিয়াজ রহমানের দল বিএনপির ডাকা অবরোধে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর মধ্যে গুলশানে তার গাড়ি হামলার মুখে পড়ে।
এজন্য সরকারকে দায়ী করে রিয়াজের দলের চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দায়ী করছে অবরোধ আহ্বানকারী খালেদাকে।
কারা হামলাকারী- সে বিষয়ে তদন্তে আগে মুখ খুলতে নারাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এই হামলায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
