২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে ইরান ও ইতালির দূতের পরিচয়পত্র

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের নতুন রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনবী এবং ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 06:58 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বুধবার বিকালে দুই রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করতে বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইরানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।”

বাংলাদেশ ও ইরানের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির অভিন্নতা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি এসময়  নতুন দূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ-ইরান সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দু’দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের ওপর জোর দেন।

আবদুল হামিদ বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।

ইরানের রাষ্ট্রদূত এসময় বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করে যাবেন।

পরে ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।

গত ১৬-১৭ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিত ১০ম আসেম সামিট সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য রাষ্ট্রপতি এসময় দেশটির সরকারকে অভিনন্দন জানান। বাংলাদেশ ও ইতালির দুই প্রধানমন্ত্রীর ওই সময় হওয়া বৈঠককে সফল বলেও মন্তব্য করেন আবদুল হামিদ।

দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদেরকে আলাদাভাবে গার্ড অব অনার প্রদান করে।