২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসিতে আরও ৩ সদস্য

সাবেক দুই সচিবসহ তিনজনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 06:56 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সুপার (এসপি) আব্দুল কাহার আকন্দের চুক্তির মেয়াদ বেড়েছে আরো দুই বছর।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এবং আবুল কালাম আজাদকে অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে পিএসসির সদস্য নিয়োগ করে।

এছাড়া ডাক্তার শাহ আব্দুল লতিফকেও একই শর্তে পিএসসির সদস্য করা হয়েছে।

এই তিনজনকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এছাড়া পিএসসির চেয়ারম্যান হিসাবে রয়েছেন একরাম আহমেদ।

অপর এক আদেশে সিআইডির সুপার আব্দুল কাহার আকন্দের চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, পিলখানা হত্যাকাণ্ডসহ বহু আলোচিত মামলার তদন্ত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিষয়টিও তদন্ত করছেন।

বিগত চারদলীয় জোট সরকার আকন্দকে চাকরিচ্যুত করলে আদালতের মাধ্যমে ৭ বছর পর ২০০৯ সালের ২৮ জানুয়ারি তিনি চাকরি ফিরে পান। এর একদিন পরেই তিনি অবসরে যান।

পরে ২০১০ সালের ১২ জানুয়ারি চুক্তিতে আবার সিআইডিতে ফেরেন আব্দুল কাহার আকন্দ। এরপর আরও তিন দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

আলাদা আদেশে কমিউনিটি ক্লিনিক (রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ) প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিসের চুক্তির মেয়াদও আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।