২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে সাম্যবাদী দলের নেতাসহ গ্রেপ্তার ৩

অবরোধে নারায়ণগঞ্জে যানবাহন ভাংচুর ও আগুন দেওয়ার মামলায় সাম্যবাদী দলের ২০ দলভুক্ত অংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাঈদ আহমেদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার ভোর থেকে দুপুরের মধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

গ্রেপ্তার অপর দুজন হলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন এবং রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া।

এর মধ্যে সাম্যবাদী দল নেতা সাঈদ আহমেদকে শহরের আমলাপাড়া এলাকার বাসা থেকে বুধবার ভোরের দিকে গ্রেপ্তার করা হয় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধে মঙ্গলবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে দুটি বাস ও দুটি কভার্ড ভ্যান আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় পাঁচটি হাতবোমা ফাটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানো হয়।

এ ঘটনায় মো. রাজু নামে পুড়ে যাওয়া এক বাসের চালকের করা মামলায় সাঈদ আহমেদ অন্যতম আসামি বলে পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের জানান।

সাঈদ আহমেদ এক সময় সাম্যবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। গত বছর আকস্মিকভাবে নিজেকে দলের সাধারণ সম্পাদক ঘোষণা করে একটি কমিটি করেন এবং বিএনপি-জামায়াত জোটে যোগ দেন।

অন্যদিকে গাড়ি পোড়ানোর একটি মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে যানবাহন ভাংচুর ও আগুন দেয়ার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বুধবার সকালে অবরোধে নাশকতার চেষ্টা অভিযোগে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীদের পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।