হবিগঞ্জে তেলের ড্রাম বিস্ফোরণে দগ্ধ ১৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি দোকানে কেরোসিন তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার দোয়াখানি এলাকার আবু মিয়ার মুদি দোকানে এ ঘটনায় দগ্ধ দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চার জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, আবু মিয়ার মুদির দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন দোকানের চারদিকে ছড়িয়ে পড়লে দোকানে থাকা একটি কেরোসিনের ড্রাম বিস্ফোরিত হয়। এ সময় দোকানে থাকা ১৫ জন দগ্ধ হন।
গুরুতর দগ্ধ আবু হামজা (১৫) ও আবু মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু ছালেক মিয়া (২০), সাগর মিয়াসহ (২০) চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
