২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতাকারী ধরতে চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে তল্লাশি

চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত দুটি ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে লিফলেট ও ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার বেলা আড়াইটা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত কলেজের সোহরাওয়ার্দী ও শেরে বাংলা ছাত্রাবাসে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কামরুল আমিন।

অভিযানে নেতৃত্ব দেওয়া এ পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব ছাত্রাবাসে আশ্রয় নিয়ে অনেকেই নগরীতে নাশকতা করছে বলে পাওয়া গোপন খবরে এ অভিযান চালানো হয়।

“কিছু লিফলেট, ব্যানার ও তালিকা পাওয়া গেছে। এসব যাচাই করে দেখা হবে।”

বিএনপির ডাকা অবরোধ চলাকালে নগরীর গরিবুল্লাহ মাজার, জিইসি মোড়, বাকলিয়া এবং চান্দগাঁও আবাসিক এলাকায় নিয়মিত বাস-ট্রাক ও টেম্পোতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ‍আতুরার ডিপো এলাকায় যাত্রী বেশে হিউম্যান হলারে আগুন দিতে গিয়ে এক শিবির কর্মী গ্রেপ্তার এবং গভীর রাতে লোহাগড়ায় মহাসড়কে গাড়ি ভাংচুরের চেষ্টা করতে গিয়ে গাড়ির চাপায় আরেক শিবির কর্মী নিহত হয়।

এছাড়া অবরোধের প্রায় প্রতিদিন নগরীর নিউ মার্কেট, তিন পোল, জামালখানসহ বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীদের পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।