ভাতিজার মারধরে মৃত্যু
চট্টগ্রামের পাঁচলাইশে ভাতিজার মারধরে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত দিলীপ কুমার দাশ (৫৮) ‘এভারগ্রিন’ নামে নগরীর বেসরকারি একটি ক্লিনিকের তত্ত্বাবধায়ক ছিলেন। পাঁচলাইশের আদর্শ পাড়ায় তার বাড়ি।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, বুধবার সকালে আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে দিলীপ দাশের সঙ্গে জমি নিয়ে তার ভাই ও ভাতিজাদের বিরোধ ছিল।
“এর জের ধরে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দিলীপ দাশকে অন্যরা মারধর করে।”
এরপর বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দিলীপ মারা যান বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, “তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি হৃদরোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।”
এদিকে মারধরের কারণে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে দিলীপ মারা গেছেন তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে বলে মন্তব্য করেন ওসি মহিউদ্দিন মাহমুদ।
