২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৪ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুটি মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও দুই জন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 03:27 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

মণিরামপুর থানার এসআই আজাহার হোসেন জানান, বুধবার বেলা সোয়া ১২টার দিকে বেগারিতলা গ্রামে বাঁশ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মণিরামপুরের বালিদহ গ্রামের বাসিন্দা শাহিন (৩৫), সদর উপজেলার কুয়াদা গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান (৪৫) ও  মথুরাপুর গ্রামের সফিয়ার রহমানের (৪৫) পরিচয় জানা গেছে। আরেক জনের পরিচয় জানা যায়নি।

আহত দুই জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, আব্দুল হাই (৩৮) ও সাহেব আলী (৪০)। দুজনেরই বাড়ি মথুরাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সদস্য আজাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই রাস্তা দিয়ে একটি খালি ট্রাক দ্রুতবেগে যশোরের পথে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে দুই মোটরসাইকেলের ছয় জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুই জনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্য দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।