আগাম নির্বাচন ‘মাঘ মাসে চৈত্র মাসের গল্প’: মতিয়া
বিএনপির আগাম নির্বাচনের দাবিকে ‘মাঘ মাসে চৈত্র মাসের গল্প’ মন্তব্য করে ২০১৯ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করতে বললেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, “চৈত্র মাসের গল্প মাঘ মাসে বলে লাভ নেই। সাংবিধানিক ধারাবাহিকতায় ২০১৯ সালে আরেকটি নির্বাচন হবে। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।”
মঙ্গলবার সন্ধ্যায় নকলা উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মানুষ মেরে, মানুষ পুড়িয়ে, যা খুশি তাই করে বিএনপি নেত্রী যদি মনে করেন কিছু করতে পারবেন, তাহলে তিনি ভুল করছেন। ধ্বংসাত্নক কর্মকাণ্ড নিয়ে কতদূর যাবেন, সেটা তিনি ঠিক করবেন।
গত বছর ৫ জানুয়ারি নির্বাচন না হলে আরেকটি ওয়ান ইলেভেন হতো। প্রধানমন্ত্রীর সংলাপের দাওয়াত প্রত্যাখান বিএনপি নেত্রী সেটাই চেয়েছিলেন বলে দাবি করেন মতিয়া চৌধুরী।
এর আগে উপজেলার ২৮টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ২৮০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে একটি করে কম্বল ও সোয়েটার এবং ছয়টি নারী সংগঠনের হাতে এক লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জিন্নাহ, ফেরদৌস রহমান জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
