শরণখোলায় জেলেদের সমাবেশ
জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিখোঁজদের উদ্ধারসহ নয় দফা দাবিতে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলেদের দুটি সংগঠন।
মঙ্গলবার দুপুরে জাতীয় মৎস্যজীবী সমিতি ও শরণখোলা জেলে সমিতি যৌথভাবে উপজেলার রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী জানান, সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দিয়েছেন।
সমাবেশে স্থানীয় জেলেরাসহ জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী, জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
নয় দফার মধ্যে রয়েছে, সুন্দরবন ও বঙ্গোপসাগরের বনদস্যু দমন, জেলেদের পরিচয়পত্র প্রদান, জাটকা মৌসুমে সকল জেলেদের ভিজিএফ (ভারনারেবল গ্রুপ ফিডিং) এর আওতায় নিয়ে বরাদ্দকৃত চালের পরিমাণ বৃদ্ধি করা, বঙ্গোপসাগরে নিখোঁজ ও ভারতের কারাগারে আটক জেলেদের দ্রুত ফিরিয়ে আনা, প্রান্তিক জেলেদের জন্য সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা ইত্যাদি।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী জানান, ভারতীয় কারাগারে আটক ও নিখোঁজ জেলেদের ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে পরিচয়পত্র জেলেদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
