মতিঝিলে হাতবোমাসহ আটক ৩
অবরোধে বোমাবাজির মধ্যে রাজধানীর মতিঝিল থেকে হাতবোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- রতন (২০), আবদুল্লাহ আল মামুন (১৯) ও ওমর ফারুক রুবেল (২২)।
মঙ্গলবার বিকালে বলাকা চত্বর থেকে এই তিনজনকে পাঁচটি হাতবোমাসহ আটক করা হয় বলে মতিঝিল থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন জানিয়েছেন।
তাদের আটকের আগে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে ১০/১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছিল, যাতে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
মতিঝিলের বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হানিফ রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক যুবক ককটেলগুলো ফাটিয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায়।”
এসআই সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ৩ যুবক মতিঝিল বকচত্বরে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছিল।
পুলিশের আটক অভিযানের আগে ১০/১২টি হাতবোমা বিস্ফোরণের কথা প্রত্যক্ষদর্শীরা জানালেও এসআই সালাউদ্দিন বলেন, এতগুলো বোমা বিস্ফোরণের কোনো খবর পুলিশের কাছে নেই।
