ফরিদপুরে প্রতিমা ভাংচুর
ফরিদপুরের সদর উপজেলায় আসন্ন সরস্বতী পূজা উপলক্ষ্যে তৈরি করে রাখা ৭০টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোনো এক সময় উপজেলার ভাজনডাঙ্গা পালপাড়ায় বিভিন্ন পূজা মণ্ডপে সরবরাহের জন্য এসব প্রতিমা তৈরি করে রাখা হয়েছিল।
পালপাড়ার প্রতিমা কারিগর সুকুমার চন্দ্র পাল ও তার ভাই প্রদীপ চন্দ্র পাল জানান, তারা দুভাই আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় সরস্বতী পূজা উপলক্ষ্যে এ প্রতিমাগুলো বানান।
মঙ্গলবার সকালে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে প্রতিমাগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।
“স্থানীয় কারো সঙ্গে আমাদের বিরোধ নেই। অনেক দিন ধরে ওই স্থানে প্রতিমা তৈরির কাজ করে আসছি। দেড়শতাধিক মূর্তি তৈরি করে রাখা হয়েছিল, যার মধ্যে ৭০টি ভাঙা হয়েছে।”
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ইউএনও জহিরুল হক ও সদর থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজয় বসাক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
