এ বছরই বিমসটেকে ‘সুবাতাসের’ আশা
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের জন্য চলতি বছরেই ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
জোটকে গতিশীল করতে অতীতে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ বছরই বাস্তবায়িত হবে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার রাজধানীতে একটি সেমিনারে বক্তব্যে এবছরই বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
বছরের মাঝামাঝি ঢাকায় জোটের বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের ঘোষণা দিয়ে সেখানেই মুক্তবাণিজ্য চুক্তির গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে সমঝোতার সম্ভাবনার কথা জানান তিনি।
“বাণিজ্য সহযোগিতার আলোচনার পাশাপাশি আমরা ‘বিনিয়োগ ও সেবার’ বিষয়ে নিয়েও আলোচনা করতে চাই,” বলেন মাহমুদ আলী।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড বিমসটেক: ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে বিমসটেকের মহাসচিব সুমিথ নাকানডালা, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ছাড়াও মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাবেক রাষ্ট্রদূত, শিক্ষক এবং বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও কৃষি ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নেন।
গত বছর ঢাকায় বিমসটেকের সচিবালয় চালু হওয়ার পর এটাই ছিল প্রথম সেমিনার।
আবুল হাসান মাহমুদ আলী(ফাইল ছবি)
“কিন্তু বিমসটেককেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এটি অর্থনৈতিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই অঞ্চলের ‘যোগাযোগের কেন্দ্রবিন্দুতে’ থাকায় বাংলাদেশ ভূ-কৌশলগতভাবে সুবিধা পেতে চায়।
“দুই অঞ্চলের মধ্যে সেতুবন্ধ হিসাবে বিমসটেকের মাধ্যমে বাংলাদেশের সেই লক্ষ্য অর্জিত হতে পারে।”
১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনোমিক কোঅপারেশন (বিআইএসটি-ইসি) গড়ে তোলা হয়। সে বছরই মিয়ানমার সদস্য হিসাবে যোগ দেয়ার পর এর নতুন নাম হয় বাংলাদেশ, ভারত, মিয়ানমার শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনোমিক কোঅপারেশন (বিআইএমএসটি-ইসি)।
২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান সদস্য হিসাবে যোগ দেয়ার পর চূড়ান্তভাবে এই জোটের নাম হয় ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন’ (বিমসটেক)।
তবে সদস্য বাড়লেও জোটের সদস্যদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এখনো সাফল্য পায়নি বিমসটেক। ২০০৪ সালে সদস্য দেশগুলো পারস্পরিক সহযোগিতার ১৪টি ক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের ব্যাপারে একমত হলেও এর কোনোটাই এখনো আলোর মুখ দেখেনি।
জোটের সদস্য দেশগুলোর প্রবৃদ্ধি স্থীতিশীল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামী মাসে ঢাকায় জ্বালানি সহযোগিতা বিষয়ক একটি টাস্ক ফোর্স সভা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, “ওই সভায় বিমসটেকের মধ্যে জ্বালানি ও গ্রিড স্থাপনে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। আমরা মনে করি এই স্মারক স্বাক্ষরিত হলে জ্বালানি ক্ষেত্রেও সহযোগিতা বাড়বে।”
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন কৌশলগত অবস্থান, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে বিমসটেক অঞ্চলকে ‘মানসম্পন্ন’ অঞ্চল হিসেবে আখ্যায়িত করেন।
আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়নের মতো বিমসটেককেও এগিয়ে নিতে কার্যকর নেতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেন জোটের মহাসচিব সুমিথ নাকানডালা।
সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস পেয়েছেন বলেও জানান তিনি।
