২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত জেলায় বিএনপি-জামায়াতের ২ শতাধিক আটক

২০ দলের টানা অবরোধ চলাকালে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সাত জেলায় বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এর মধ্যে রয়েছেন রাজশাহীতে ২৩ জন, লক্ষ্মীপুরে ২৪ জন, দিনাজপুরে ৬ জন, কুড়িগ্রামে ৩ জন, কুষ্টিয়ায় ৫ জন, চাঁদপুরে ১১ জন এবং চাঁপাইসবাবগঞ্জে ১৬৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

রাজশাহী

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজশাহী মহানগর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, অবরোধে নাশকতার আশংকায় নগরীর চার থানা এলাকা থেকে বিএনপির পাঁচজন এবং জামায়াতের তিনজন নেতাকর্মীকে আটক করা হয় বলে

আর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার আলমগীর কবীর জানান।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রোববার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম

নাশকতা ঘটানোর আশংকায় শনিবার মধ্যরাতে কুড়িগ্রামে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান জেলার সহকারী পুলিশ সুপার আব্দুল মান্নান।

দিনাজপুর

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদর থেকে দুই বিএনপি নেতা এবং বীরগঞ্জ উপজেলা থেকে চার জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

কোতয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান এবং বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

এর মধ্যে পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান খোকার নেতৃত্বে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতার চেষ্টা করা হচ্ছিল বলে জানান কোতয়ালির ওসি এসএম খালেকুজ্জামান।

এছাড়া শনিবার রাতে একটি ট্রাকে অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে বীরগঞ্জ থেকে চার জামায়াতকর্মীকে আটক করা হয়।  

কুষ্টিয়া

কুষ্টিয়ায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিলের পর নাশকাতার আশংকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত ও শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মজমপুর গেট থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশের বাধায় মিছিলটি সেখানেই পণ্ড হয়ে যায়।

আটকদের মধ্যে বিএনপির তিন জন, জামায়াতের এক জন এবং ছাত্রশিবিরের এক জন রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

চাঁদপুর

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় শনিবার রাত থেকে রোববার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে আটক করেছে। এদের মধ্যে ৮ জন বিএনপির ও ৩ জন জামায়াতের কর্মী।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ

অবরোধে নাশকতা চালানোর অভিযোগে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন জামায়াতের আমির মশিউর রহমান ও সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

এরমধ্যে রয়েছেন গোমস্তাপুরে ১১৬ জন, শিবগঞ্জে ৩৪ জন, সদরে ৩ জন এবং নাচোল ও ভোলাহাটে ১৪ জন।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।