টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের মেজবান
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান হয়েছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।
শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টুঙ্গীপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এ মেজবানের উদ্বোধন করেন।
রাউজানবাসীর পক্ষে আয়োজিত মেজবানের মূল পৃষ্ঠপোষক ছিলেন ওই এলাকার সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
তার ব্যক্তিগত কর্মকর্তা মো. নিছারুল বশার জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রায় ৫০ হাজার লোকের জন্য এ আয়োজন করা হয়।
এ জন্য গত মঙ্গলবার চট্টগ্রামের রাউজান থেকে সাংসদ ফজলে করিমসহ আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বাবুর্চিসহ একটি দল টুঙ্গীপাড়ায় পৌঁছান।
“স্বদেশ প্রত্যাবর্তনের দিন সারাদেশ থেকে মানুষ জাতির জনকের কবর জিয়ারত করতে আসেন। তাদের খাবারের ব্যবস্থা করার জন্যই রাউজানের সাংসদ এখানে প্রথমবারের মতো মেজবানের আয়োজন করেছেন,” বলেন নিছারুল বশার।
শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ ছাড়াও স্থানীয় বালাডাঙ্গা এসএম মুছা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টার দিকে মেজবানের খাবার পরিবেশন শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, বুটের ডাল দিয়ে লাউ আর নলির ঝোল ছাড়াও বালাডাঙ্গা স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য মুরগির কোর্মা, ডিম, বুটের ডাল ও সাদা ভাত পরিবেশন করা হয়।
মেজবানের খাবার পরিবেশনের আগে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সংসদ সদস্য ফজলে করিম রাউজানবাসীকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু প্রয়াণের ৩৯ বছর হওয়ায় ৩৯ বার কোরআন খতমও দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
