২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অবরোধকারীদের ধাওয়ায় আহত শিক্ষকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে অবরোধকারীদের ধাওয়ায় ভটভটি উল্টে আহত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলতাফ হোসেনের। শুক্রবার তিনি আহত হয়েছিলেন।

আলতাফ (৫০) পলাশবাড়ীর ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে।

শুক্রবার জুমার নামাজের পর পলাশবাড়ী উপজেলা সদর থেকে আলতাফ ভটভটিতে করে ঢোলভাঙ্গা যাচ্ছিলেন।

পথে সুইগ্রাম-গ্রামীণ ব্যাংক এলাকায় অবরোধের সমর্থনে পিকেটিংরত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ধাওয়া দিলে যাত্রীবাহী ভটভটিটি উল্টে যায় বলে পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত অবস্থায় আলতাফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে শনিবার দুপুরে তিনি মারা যান।

এদিকে শনিবার ভোর রাত থেকে দিনভর ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর, দুবলাগাড়ি ও জুনদহ এলাকায় পিকেটাররা ২০টি ভটভটি, নছিমন ও অটোবাইক ভাংচুর করে।

ওসি জানান, মহেশপুর, দুবলাগাড়ি ও জুনদহ এলাকায় পুলিশকে লক্ষ্য করে পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ ও চারটি পেট্রোল বোমা ছুড়ে মারে। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ সময় ঘটনাস্থল থেকে চার শিবির কর্মীকে আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জের ফাঁসিতলা সংলগ্ন এলাকায় শনিবার তিনটি যাত্রীবাহী বাস ভাংচুর ও ভোর রাতে পুলিশী পাহারায় যানবাহন পারাপারের সময় চাঁপড়ীগঞ্জ এলাকায় তুলাবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির ১০০ নেতাকর্মীকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।