পণ্যবাহী ট্রাকে বোমা, বিজিবি সদস্যসহ আহত ৩
অবরোধের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে কানসাট এলাকায় ওই হামলায় ট্রাক বহরের পাহারায় থাকা এক বিজিবি সদস্যসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি মায়নুল ইসলাম ।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- ট্রাক চালকের সহকারী ঢাকার কেরানীগঞ্জের ফিরোজ আলীর ছেলে মাসুদ (১৮) ও পণ্য আমদানিকারকের কর্মচারী মুন্সিগঞ্জের মৃত খলিলের ছেলে আবদুর রহিম (৪৮)।
তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মায়নুল বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সকালে বন্দর থেকে ১১টি পণ্যবাহী ট্রাক বিভিন্ন গন্তব্যে যাত্রা করে। ট্রাকবহরের সামনে-পেছনে ও মাঝে পুলিশ, র্যাব ও বিজিবির ১০টি গাড়ি ছিল।
ট্রাকগুলো কানসাট এলাকা পার হওয়ার সময় অবরোধকারীরা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে বোমা একটি ট্রাকের কাছাকাছি বিস্ফোরিত হলে তিনজন আহত হন।”
বোমা হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
