ইজতেমায় পাঁচ মুসল্লির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম দফায় যোগ দিতে আসা পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে।
টঙ্গী থানার এএসআই সিদ্দিকুর রহমান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ৯টা মধ্যে তারা পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছেন।
এদের মধ্যে গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আবদুস সালাম (৫০) মারা যান রাত সোয়া ৭টার দিকে। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান এএসআই সিদ্দিকুর।
ইজতেমা উপলক্ষে স্থাপিত পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৭টার দিকে ভৈরবের খাইরুল আমীন (৫২) এবং ৯টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের আক্কাছ আলীর ছেলে লিয়াকত আলী (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এর আগে ইজতেমার প্রস্তুতির কাজে এসে গত মঙ্গলবার রাতে মারা যান কুড়িগ্রামের মিয়ার উদ্দিন।
শুক্রবার থেকে শুরু হওয়া এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
এর চার দিন পর ১৬ জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ওই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।
শনিবার প্রথম দফা ইজতেমার দ্বিতীয় দিন আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে এই বিয়ের আসর।
আখেরি মোনাজাতের প্রস্তুতি
ইজতেমা মাঠের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চেই রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে হবে হেদায়তি বয়ান। আখেরি মোনাজাত ও হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা সা’দ।
এছাড়া আখেরি মোনাজাতের আগে-পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে বলে জানিয়েছেন টঙ্গীর স্টেশনের কর্মকর্তা মো. হালিমুজ্জামান।
গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সো. সাখাওয়াত হোসেন জানান, শনিবার রাত ২টার পর থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে মোনাজাতের দিন রোববার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লিদের সুবিধার্থে ৪০টি (ইজতেমার স্টিকার লাগানো) বাস চলাচল করবে বলে জানান তিনি।
