পদ্মাপাড়ে ঘুড়ি উৎসব
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মাপাড়ের শিমুলিয়ায় শুক্রবার হয়ে গেল একদিনের ঘুড়ি উৎসব।
সকালে রংবেরংয়ের ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে ‘জাতীয় ঘুড়ি উৎসব ২০১৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আয়োজিত এই উৎসবে দেশ ও বিদেশের নানা ডিজইনের এক হাজারের বেশি ঘুড়ি স্থান পায় বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা বেনু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছর কক্সবাজারে সৈকতে এ উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এবার অবরোধের কারণে স্থান পরিবর্তন করে মুন্সীগঞ্জেরর শিমুলিয়া এলাকায় আনা হয়।
সকালে ‘ফুলঘুড়ি’ ২০টা, ‘বাঘঘুড়ি’ ৫০টা এবং অন্যান্য ঘুড়ি ৩৫টা ওড়ানো হয়।
দুপুরের খাবার বিরতির পর ছিল ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা। এখানে তিনজনকে পুরস্কৃত করা হয়।
এরা হলেন প্রথম আনোয়ার, দ্বিতীয় আশিস মোহাম্মদ এবং তৃতীয় বাবর আলী।
বিকালে ‘প্যারাস্যালি’ ও ‘ব্যাঘ্র নৃত্য’ ঘুড়ি ওড়ানো হয়। সন্ধ্যায় ‘বাজিকর’, ‘আলেঅকিত’ ও ‘ফানুস’ ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, চীন দূতাবাসের কর্মকর্তা মি হোয়াং লি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি ডা. এম আর খান, সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু প্রমুখ।
