‘সহকর্মীর পিটুনিতে’ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় সহকর্মীর পিটুনিতে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুম্মন আলীর (২০) মৃত্যু হয়। জুম্মন ফতুল্লার নন্দলালপুর এলাকার প্রাইম টেক্সটাইল মিলে কাজ করতেন।
কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মো. আলী জিন্নাহ জানান, বৃহস্পতিবার রাতে নন্দলালপুর এলাকার টেক্সটাইল মিলের মেশিনের ময়লা পরিষ্কার করা নিয়ে জুম্মনের সঙ্গে সহকর্মী রাশেদুল ও ফারুকের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে রাশেদুল ও ফারুকসহ ৪/৫ জন মিলে জুম্মনকে পিটুনি দেয়।
এ সময় অন্য শ্রমিকরা রাশেদুল ও ফারুককে আটক করে পুলিশে সোর্পদ করেন।
এছাড়া ওই শ্রমিকরা তাকে উদ্ধার করে রাতেই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এসআই জিন্নাহ আরও জানান, শুক্রবার বেলা ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুম্মনের মৃত্যু পর ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
