২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য শান্তিচুক্তি: ‘আশার কথা’ বললেন উপদেষ্টা

পার্বত্য শান্তিচুক্তি ‘পুরোপুরি’ বাস্তবায়নের কাজ ‘দ্রুত’ এগিয়ে চলেছে বলে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রামের ভূমি-বিরোধ নিস্পত্তি বিষয়ক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,“আমরা খুবই আশাবাদী। যে কাজগুলো এতদিন ধরে আগাচ্ছে সেগুলো খুব ‍দ্রুত সম্পন্ন হবে। চুক্তি বাস্তবায়নের কাজও দ্রুত এগোচ্ছে।”

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকও এ বৈঠকে অংশ নেন।

গওহর রিজভী বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী আন্তরিক। পাশাপাশি দুই পক্ষই অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে কাজ করছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে গওহর রিজভী বলেন, চুক্তি বাস্তবায়নে কী কী অগ্রগতি হয়েছে এবং কোন বিষয়গুলো অনিষ্পন্ন রয়েছে তা নিয়ে সভায় আলোচনা হয়েছে।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্যই ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি হয়েছিল। চুক্তির পর কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে চুক্তি বাস্তবায়নের কাজ এগিয়েছে তা সবাই অবহিত আছেন। 

“তবে আমি আশাবাদী মানুষ। মানুষ তো আশা নিয়ে সামনে পথ চলে। সামগ্রিক বাস্তবতা আমলে নিয়ে মানুষ নিজস্ব ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরাও তাই করব।”

এই পাহাড়ি নেতা জানান, বৈঠকে ভূমি-বিরোধ নিষ্পত্তির বিষয়ে উল্লেখযোগ্য কিছু আলোচনা হয়েছে, যা ইতিবাচক ফল আনবে বলেই তার বিশ্বাস।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ এর কিছু সংশোধনী নিয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি।

কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব সিদ্ধান্ত এগিয়ে নেওয়া হবে জানিয়ে সচিব বলেন, “এর মাধ্যমে ভূমি কমিশনকে আরো অর্থবহ ও কার্যকর করে তোলা যাবে বলে আমরা আশাবাদী।”