২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত: প্রকৌশলী বরখাস্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে শ্রীমঙ্গলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীকে (পথ) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 03:59 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

এদিকে এ দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ২৫ জনকে আসামি করে শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামের পথে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস রাত ৩টার দিকে মনু ও টিলাগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে  সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাড়ে ১৮ ঘণ্টা বন্ধ ছিল।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা শামসুল ইসলাম জানান, দুর্ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটির প্রাথমিক তদন্তের পর শ্রীমঙ্গলের উপ-সহকারী প্রকৌশলী (পথ) আলী আজমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল লাইনে সঠিকভাবে পাহারার ব্যবস্থা নেওয়া হলে দুষ্কৃতকারীরা এভাবে ফিশ প্লেট কেটে ২০ ফুট দীর্ঘ রেল লাইন উপড়ে ফেলতে পারত না। ট্রেন লাইনচ্যুতির এ ঘটনাটি ঘটতনা।

শুক্রবার দুপুরে তিনি জানান, দুর্ঘটনাস্থলে রেল লাইনের পাশে জমিতে পড়ে থাকা দুটি বগি উদ্ধারের জন্য আখাউড়া ও সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাময়িক বরখাস্ত হওয়ার আগে বৃহস্পতিবার সন্ধায় ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আলী আজম বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল জিআরপি থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার ভোর রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু ও টিলাগাঁও স্টেশনের মাঝামাঝি চকশালন এলাকায় দুষ্কৃতকারীরা ২০ ফুট দীর্ঘ একটি রেল লাইন খুলে ৭-৮ ফুট দূরে ফেলে দেয়।

এ কারণে ভোর রাত ৩টার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে ৬টি বগি লাইনচ্যুত হয়।

এ ধরনের নাশকতামূলক কাজের পেছনে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী জড়িত থাকতে পারে বলে মামলায় দাবি করা হয়, বলেন ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।