২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ-ট্রেন স্বাভাবিক, দূরপাল্লার বাস ছাড়েনি

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রাতে দূরপাল্লার গাড়ি চললেও দিনে কোন যান ঢাকা ছাড়ছে না। লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে চলছে ট্রেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 12:48 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

সমাবেশের ঘোষণা দিয়ে নিজের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার সারাদেশে অবরোধের ডাক দেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “দুঃশাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চালিযে যাওয়ার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অবরুদ্ধ দেশনেত্রী খালেদা জিয়া।”

ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আব্দুল হক বলেন, “অবরোধের মধ্যে রাতে দূরপাল্লার গাড়িগুলো দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেলেও দিনে কোন বাস ছাড়ছে না।”

বৃহস্পতিবার রাতে বেনাপোল, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজারে ইউনিক পরিবহনের গাড়ি চলাচল করেছে বলে জানান তিনি।

আব্দুল হক বলেন, “বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুমিল্লার চান্দিনায় গাড়িতে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। এছাড়া কক্সবাজার রুটে রাত ৩টার দিকে রাস্তায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেড তৈরি করা হয়েছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক একটি পরিবহন সেবা প্রতিষ্ঠানে ম্যানেজার বলেন, “প্রায় সব পরিবহনের গাড়িই রাতে চলাচল করছে। দিনে গাড়ি ছাড়তে পরবিহন মালিক সমিতি চাপ দিলেও তাতে কেউ সাড়া দিচ্ছেন না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“৮০ লাখ থেকে এক কোটি টাকা দামের গাড়ির ক্ষতি হলে মালিক সমিতি মামলা করতে বলে। অনেক সময় মামলা করেও ক্ষতিপূরণ পাওয়া যায় না। এই ভয়ে দিনে কেউ গাড়ি ছাড়ছে না।”

রাজধানী ছাড়তে যাত্রীদের সংখ্যা কম থাকলেও ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন পরিবহনকর্মীরা।

অন্যদিকে বিআইডব্লিওটিএ’র পরিবহন পরিদর্শক হুমায়ন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ৩৮টি লঞ্চ সদরঘাট টার্মিনালে এসেছে আর পাঁচটি লঞ্চ টার্মিনাল ছেড়েছে।”

সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমূখী ‘যথেষ্ঠ’ যাত্রী রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের মধ্যে দূর্ঘটনা এড়াতে একটু ধীর গতিতে ট্রেন চলাচাল করছে।

“রেল লাইনের স্লিপারগুলো কেউ খুলে রেখেছে কি না- তা দেখে রেল চলাচল করছে। সিডিউল অনুযায়ী সব রেল ছেড়ে গেলেও একটু ধীর গতিতে চলায় ঠিক সময়ে স্টেশনে আসতে পারছে না।”

ঢাকার বিভিন্ন থানার ওসিরা জানিয়েছেন, অবরোধের মধ্যে অপ্রীতিকর কোন খবর তারা পাননি। রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।