পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
পিরোজপুর সদরে বুধবার রাতে এক জেলা বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আহত আব্দুস সালাম বাতেন (৬২) জেলা বিএনপির সহসভাপতি ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর।
জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনায় পাঠানো হয়।
সদর থানার ওসি আ. রাজ্জাক মোল্লা জানান, ঘটনার রাতে শহর থেকে শেখপাড়ায় নিজ বাড়ি ফেরার পথে বাইপাস সড়কের ষোল শহর বিদ্যুৎ অফিসের কাছে তার উপর হামলা করা হয়। এতে তিনি মারাত্মক জখম হন।
ওসি বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, বিএনপির আন্দোলনকে স্তিমিত করার লক্ষ্যে প্রতিহিংসার বশবর্তী হয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
