জুবায়ের হত্যার বিচারের দাবিতে পোস্টার লাগাতে ছাত্রলীগের বাধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার বিচারের দাবিতে ছাত্রাবাসে পোস্টার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
বুধবার রাতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ নামে একটি সংগঠনের কর্মীরা মীর মোশাররফ হোসেন হলে জুবায়েরের ‘খুনিদের’ ছবিসহ ছাপানো পোস্টার লাগাতে গেলে এ ঘটনা ঘটে।
‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর সংগঠক তন্ময় ধর বলেন, তাদের দুই সদস্য পোস্টার লাগাতে গেলে ছাত্রলীগকর্মীরা তাদের মারার জন্য তেড়ে যায়।
জুবায়েরের মৃত্যুর দিন ৯ জানুয়ারি ‘সন্ত্রাস বিরোধী দিবস’ পালনে তার খুনিদের বিচার দাবিতে তারা ওই পোস্টার লাগাতে গিয়েছিলেন বলে জানান তন্ময়।
তিনি বলেন, “পোস্টার লাগানোর সময় পরিসংখ্যান বিভাগের ৪০তম ব্যাচের ছাত্রলীগ কর্মী বশীরের নেতৃত্বে আমাদের বাধা দেওয়া হয়। তারা দেওয়ালে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে এবং আমাদের মারতে উদ্যত হয়।
“আমরা ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক আসফিক রেজওয়ানের সঙ্গে কথা বললে তিনি বলেন- পোস্টারে যাদের ছবি আছে তারা খুনি হোক আর যেই হোক, আমার হলের বড় ভাই। আমি থাকা অবস্থায় এ পোস্টার কোনোভাবেই হলে লাগানো যাবে না।”
তন্ময় জানান, তারা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহাকে জানালে তিনি প্রভোস্টের সঙ্গে কথা বলতে বলেন।
পোস্টার লাগাতে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন আসফিক রেজওয়ানও।
“তাদের পোস্টারে আমাদের হলের বড়ভাইদের ছবি ছিল। এজন্য হয়ত হলের জুনিয়ররা অনুভূতির জায়গা থেকে পোস্টার লাগাতে দেয়নি। তবে যারা পোস্টার লাগাতে এসেছিল তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি।”
ছাত্রলীগের এই কর্মকাণ্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্লিপ্তিতারর নিন্দা জানিয়ে তন্ময় ধর বলেন, “ছাত্রলীগের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ পূর্বের সন্ত্রসী কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা। একইসঙ্গে প্রশাসনের নির্লিপ্ততা ও দায়িত্বহীন আচরণ প্রত্যক্ষভাবে জুবায়ের হত্যাসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয়ের সামিল।”
২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের হামলার শিকার হওয়ার পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে সেসময় ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।
তাদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুবায়ের হত্যার ঘটনায় মামলা দায়ের করে, যা বর্তমানে দ্রুত বিচার আদালতে বিচারাধীন।
