ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক আটক
রংপুরে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১টায় রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক শহিদুল ইসলাম সুমন (৩০) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মায়সের আলীর ছেলে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, হরতাল চলাকালে পুলিশ সদস্যরা নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় সুমন নিজেকে লালমনিরহাট জেলা ডিবির ওসি পরিচয় দিয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে ঘোরাফেরা করছিলেন।
তার গতিবিধি সন্দেহ হলে তাকে করে লালমনিরহাট ডিবি কার্যালয়ে যোগাযোগ করে জানা যায় শহিদুল ইসলাম সুমন নামে ডিবিতে কোনো ওসি নেই।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন তিনি রংপুর নগরীর বলাকা হোটেলে অবস্থান করে ডিবির ওসির পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানা ও লালমনিরহাট সদর থানায় মাদক, মোটরসাইকেল ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণা ও অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি আব্দুল কাদের জিলানী।
