২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা মামলা দায়ের

নীলফামারীর ডিমলায় এক গৃহবধূকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় স্বামী, শাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর মা আবেদা বেগম।

মৃত আনোয়ারা বেগম (২২) উপজেলার মধ্য ছাতনাই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ও ডোমার উপজেলার বোড়াগাড়ি গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে।

ডিমলা থানার ওসি শওকত আলী জানান, সন্ধ্যায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে আনোয়ারার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অনুপ কুমার রায় জানান, বিকালে আনোয়ারাকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। চিকিৎসা দিতে গিয়ে দেখা যায় দুপুরেই তার মৃত্যু হয়েছে।

পরিবারের লোকজনের খোঁজ নিলে তাদের আর পাওয়া না গেলে পুলিশে খবর দেওয়া হয় বলে তিনি জানান।

আবেদা বেগম জানান, চার বছর আগে মেয়ে আনোয়ারার সঙ্গে রবিউল ইসলাম বিয়ে হয়। এ সময় জামাইকে যৌতুক বাবদ নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। গত দুই মাস থেকে আরও ৭০ হাজার টাকা যৌতুক দাবি করেন জামাতা রবিউল, শ্বশুর বাছেদ আলী ও তার ভাই রমজান আলী।  

যৌতুকের টাকা না পেয়ে মঙ্গলবার দুপুরে আনোয়ারাকে তার শ্বশুরবাড়ির লোকজন পিঠিয়ে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

পুলিশ কর্মকর্তা শওকত আলী আরও জানান, বুধবার ময়নাতদন্ত শেষে মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।