২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের অনুষ্ঠানে হামলা, আহত ২০

নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 09:25 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

মঙ্গলবার বিকালে উপজেলার সেবারহাট শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলায় চার পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আহদের সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিকাল ৫টার দিকে কেক কাটার শেষ পর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা ৩০-৩৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ শুরু করে।

অনুষ্ঠানস্থলে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করতে থাকে। এ সময় পুলিশ গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলায় সেনবাগ থানার চার পুলিশ সদস্যসহ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আহত হন।

আহত পুলিশ সদসরা হলেন, সেনবাগ থানার পরিদর্শক জাকির হোসেন,  উপ-পরিদর্শক (এসআই) নোমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এ বি হিমেল ও কনস্টেবল খোকন।

এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, সাহেদুল ইসলাম সোহেল (২৮) ও বীজবাগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাফিন (২৭)ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এরশাদ উল্যা লেলিন (৩৮)

হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মমিনুল।  

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলের কেউ সেখানে উপস্থিত ছিল না। তাদেরকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।