২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: চার কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জ ও গাজীপুরের চারটি কারখানাকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়া কারখানা পরিচালনা করে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে এ দণ্ড দেওয়া হয়।

এরমধ্যে গাজীপুরের বিসিক শিল্প নগরী এলাকার মুনলাইট ওয়াশিং লিমিটেডকে পাঁচ লাখ টাকা এবং ন্যাশনাল কম্পোজিট নিট অ্যান্ড ওয়াশিং লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আর পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা এবং ইটিপি অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে নির্গমন করায় নারায়ণগঞ্জের কুমুদিনী ওয়াশিং লিমিটেডকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি ছাড়াই ডাইং কারখানার কার্যক্রম পরিচালনা করার অপরাধে নারায়ণগঞ্জের রকি টেক্সটাইল মিলস লিমিটেডকে আট লাখ টাকা জরিমানা করা হয়।