২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন দিতে আসা ৩ যুবককে ঠেকালেন এক আনসার

রাজধানীর কদমতলীতে একটি লেগুনায় আগুন দিতে আসা তিন যুবককে এক আনসার সদস্য একাই প্রতিহত করেছেন, যিনি ওই লেগুনার যাত্রী ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 10:36 AM

Updated : 22 Aug 2022, 11:25 AM

দেশব্যাপী বিএনপির ডাকা লাগাতার অবরোধের প্রথম দিন মঙ্গলবার ভোরের দিকে কদমতলীর লাল মসজিদের নিকটবর্তী সালমান প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার ওসি আবদুস সালাম জানান, দুর্বৃত্তরা লেগুনায় আগুন দিতে আসলে মনোয়ার নামে ওই আনসার সদস্য তাদের প্রতিহত করেন।

এতে মনোয়ার আহত হন। আগুনে তার হাত পুড়ে গেছে। মনোয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ওসি সালাম বলেন, লেগুনাটি যাত্রীদের নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কদমতলী আসে। কদমতলীতে দায়িত্ব পালন করতে ওই লেগুনায় আসছিলেন মনোয়ার।    

“লাল মসজিদের কাছে লেগুনাটি আসলে তিন যুবক তাতে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় মনোয়ার লেগুনা থেকে নেমে ওই তিনজনকে জাপটে ধরেন। কিছুক্ষণ তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। আগুনে চারজনই দগ্ধ হন। এক পর্যায়ে আহত অবস্থায় যুবকরা পালিয়ে যায়।”  

পরে খবর পেয়ে পুলিশ মনোয়ারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।