২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নেই অবরোধকারীরা, চলছে যানবাহন

সমাবেশ করতে না পেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশজুড়ে অবরোধের ডাক দিলেও অনেকটা স্বাভাবিক দিনের মতোই শুরু হয়েছে রাজধানীর সকাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 09:50 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

মঙ্গলবার সকালে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকারও চলতে দেখা গেছে।

গুরুত্বপূর্ণ মোড়গুলোয় পুলিশ, র‌্যাব সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।

সকাল ৯টা পর্যন্ত রাজধানীর কোথাও অবরোধের সমর্থনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানীর কোতোয়ালি থানার ওসি আব্দুস সালাম, বংশালের ওসি কুদ্দুস ফকির, যাত্রাবাড়ীর ওসি অবণী শঙ্কর কর, গেণ্ডারিয়ার ওসি সৈয়দ শহীদ আলম, বাড্ডার ওসি এমএ জলিল ও দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকাল থেকে তাদের এলাকায় কোথাও অবরোধের সমর্থনে কোনো তৎপরতা চোখে পড়েনি।

এদিকে সকাল থেকেই মতিঝিল-গুলশান রুটের ৬ নম্বর, গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটের ৩ নম্বর, যাত্রাবাড়ী-গাবতলী রুটের ৮ নম্বর, সায়দাবাদ-উত্তরা রুটের বলাকা পরিবহন এবং গুলিস্তান-মিরপুর রুটের প্রায় সব কোম্পানির বাসই চলতে দেখা গেছে।

রাজধানীর ফার্মগেইট, কারওয়ান বাজার, বাংলামোটর, মহাখালীসহ বিভিন্ন স্থানে হালকা যানজটও দেখা যায় সকালে।

অবরোধে দূরপাল্লার বাস না চললেও লঞ্চ ও ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি।

বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক মো. সোলায়মান জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা ৪১টি লঞ্চ সকালে সদরঘাটে ভিড়েছে, যেখানে আগের দিন একটি লঞ্চও আসেনি।

অন্যদিকে সকালে নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সব লঞ্চ সদরঘাট ছেড়েছে বলে জানান তিনি।

পুলিশি বাধায় ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’র কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকাল থেকে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে নয়া পল্টনে যেতে চাইলে পুলিশ খালেদাকে আটকে দেয়। তখন থেকেই তিনি ওই কার্যালয়ে অবরুদ্ধ।