কুমিল্লায় গভীর রাতে দুর্ঘটনায় ৪ নারীর মৃত্যু
কুমিল্লার বুড়িচং উপজেলায় ওয়াজ শুনে গভীর রাতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় চার নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।
বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানান, উপজেলার দরিয়ারপাড় ঈদগাহ মাঠে ওয়াজ শুনে সোমবার রাত ১টার দিকে পাশের নওয়াপাড়া গ্রামে নিজেদের বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তারা।
নিহতরা হলেন- সালমা আক্তার (৩২), জাহানারা বেগম (৬৫), মনোয়ারা বেগম (৪৫) ও রানুয়ারা রানু (৫৫)।
দুর্ঘটনায় আহত জাহেদা (৫২), শাহানা (৪০) ও বিলকিসকে (৫০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই উপজেলার পূর্ণমতি নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি জহিরুল বলেন, “বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।”
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বাকি তিনজনকে মৃত ঘোষণা করেন।
