ফেনীতে হাতবোমা বিস্ফোরণে ২ কিশোর আহত
ফেনী শহরে হাতবোমার বিস্ফোরণে দুই কিশোর আহত হয়েছে।
সোমবার বিকালে ট্রাংক রোডে এ বিস্ফোরণে আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হল ফেনী পাইলট হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম অনিক (১৬) ও শাহরিয়ার হৃদয় (১৫)।
অনিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয়রা জানান, দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে বিকালে আওয়ামী লীগ শহরের শহীদ মিনারে জনসভা করে। তার পার্শ্ববর্তী ট্রাংক রোডে দুর্বৃত্তরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে অনিক ও হৃদয় আহত হয়।
এ সময় ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা পরিষদ প্রশাসকের গাড়ি ভাংচুর করেন।
এদিকে সকালে ফেনীতে ২০ দলের মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। বিভিন্ন স্থান থেকে ছাত্রদল নেতাসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনভর ছাত্রদল শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা যাত্রীবাহী বাসসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে।
এর আগে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে ২০ দলের কয়েকজন নেতাকর্মী কালো পতাকা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া একই সড়কের পাঠানবাড়ি মোড় থেকে ছাত্রদলের একাংশ কালো পতাকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে ওই অংশের প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও ইকবাল হোসেনকে আটক করে।
একই সড়কের ইসলামপুর মোড় ও ওয়াপদা মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা যাত্রীবাহী বাসসহ ৮/১০ গাড়ি ভাংচুর করে।
এছাড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মোড় এলাকায় ছাত্রদল ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ করে গাড়ি ভাংচুর করেছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল হক জানান, ছাত্রদলের মিছিল থেকে নাশকতার কারণে সাত জনকে আটক করেছে পুলিশ। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ র্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি টহল দিচ্ছে।
