২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সাংসদকে লক্ষ্য করে শিবিরের বোমা

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্য আয়েন উদ্দিনকে লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে শিবিরকর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 03:07 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

তবে সোমবার দুপুরে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন।

তিনি জানান, বোমা ছুড়ে পালানোর সময় দুই শিবিরকর্মীকে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছে আওয়ামী লীগকর্মীরা।

এরা হলেন- শাকিল হোসেন ও শাকিল আহমেদ। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা জানা যায়নি।

ওসি জানান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে সরকার দলীয় সাংসদ আয়েন উদ্দিন সোমবার বেলা ১টার দিকে পবা উপজেলার কাটাখালি পৌরসভা বাজারের সমাবেশে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরপরই তার দিকে দুটি হাতবোমা ছোড়া হয়।

"বোমা দুটি মঞ্চের পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুলিশসহ দলের নেতাকর্মীরা সাংসদকে ঘিরে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।"

সাংসদ আয়েন উদ্দিন বলেন, হামলার আশঙ্কা তারা আগেই করেছিলেন। এ কারণে সমাবেশের আশেপাশে আধা কিলোমিটার এলাকা জুড়ে আওয়ামী লীগের কর্মীরা সকাল থেকে পাহারায় ছিলেন। ফলে হামলাকারীরা বোমা ছোড়ার পর পালাতে পারেনি।