২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গুলিতে নিহত ২

নাটোরের তেবাড়িয়ায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গুলিতে দুইজন নিহত হয়েছেন, যাদের বিএনপির কর্মী বলে দাবি করেছেন স্থানীয় নেতারা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 11:18 AM

Updated : 26 Jul 2022, 11:53 AM

নিহত দুজনের নাম রানা ও রাকিব। দুজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

জেলার পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের তেবাড়িয়া মোড়ের কাছে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়। নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য বিএনপিকর্মীরা সকালে তেবাড়িয়া মোড়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল যুবক মোটরসাইকেলে করে এসে গুলি করে চলে যায়।  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত দুজনই আমাদের কর্মী। আওয়ামী লীগের কর্মীরা তাদের গুলি করে হত্যা করেছে।”