২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় মিশু খুন, আটক ২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে এক শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

রোববার সকালে জয়নগর খানকান্দি গ্রামে দুর্জয় (১১) নামের ওই শিশুর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। 

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে।

জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন খান ও জাজিরা থানার ওসি একরাম আলী মিয়া জানান, জয়নগর খানকান্দি গ্রামের ফারুক খান ও তার চাচাত ভাই মজিবুর রহমান খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। 

ফারুক খানের ছেলে দুর্জয় শনিবার রাত ৯টার দিকে জয়নগর নদীর পূর্বপাড় থেকে বাড়ি ফিরছিল। কিন্তু রাতে সে বাড়ি ফেরেনি।

সকালে স্থানীয় লোকজন তার হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো লাশ দেখে জাজিরা থানায় খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীযতপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মজিবুর রহমান খান ও তার স্ত্রী এশা বেগমকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি একরাম আলী মিয়া আরও জানান, জমিজমা নিয়ে দুপক্ষের বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের দাদী আয়েশা বেগম ও মা কমলা বেগমের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মজিবুর খানের লোকজন দুর্জয়কে হত্যা করেছে।