সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ
সিলেট নগরীতে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রোববার বিকালে নগরীর জিন্দাবাজারে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে নগরীরর কাজী ইলিয়াস এলাকা থেকে বিএনপির পাঁচ জানুয়ারির কর্মসূচির পক্ষে মিছিল বের করে ছাত্রদল।
পুলিশ মিছিলে বাধা দিলে ছাত্রদলকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ অন্তত ২৫ রাউন্ড টিয়ার গ্যাস সেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
