২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৭

চট্টগ্রামের সাগরিকা এলাকায় আগুন লাগার খবরে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে একটি পোশাক কারখানার ১৭ কর্মী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 05:29 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার সকালে সাগরিকা গরু বাজার সংলগ্ন সালাম অ্যাণ্ড ব্রাদার্স নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ‍আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় তলা গার্মেন্ট ভবনের পাশে আধাপাকা একটি এক তলা ঘরে ওই পোশাক কারখানার বৈদ্যুতিক সাব স্টেশন। যান্ত্রিক গোলোযোগের কারণে সেখানে আগুন লেগে গেলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

“আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গার্মেন্টের নিরাপত্তারক্ষীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১৭ জন শ্রমিক আহত হয়েছেন।”

আহতদের এ কে খান এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।