উখিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত এবং আহত হয়েছে আরও নয়জন।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার টেকনাফ সড়কের রাজাপালং মাদ্রাসার সামনে এ দুর্ঘটনায় নিহত সমীর চন্দ্র দাশ (৩০) টেকনাফ শহরের পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা।
আহতদের মধ্যে ছয়জনকে উখিয়া হাসপাতালে এবং অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উখিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক রাজাপালং মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত সমীরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
