ব্যবসায়ীকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই
সাতক্ষীরা সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাবসা পলিটেকনিক মোড়ে সাতক্ষীরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী ফারুক হোসেনকে (৩১) আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারুক উপজেলার বৈকারি গ্রামের মশিয়ার রহমানের ছেলে। সাতক্ষীরা শহরতলীর কদমতলা বাজারের রড ও সিমেন্টের দোকান রয়েছে তার।
হাসপাতালে ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে সাত মাইল গরুর হাট থেকে কদমতলায় আসছিলাম।
“পথে লাবসা পলিটেকনিক মোড়ে স্পিড ব্রেকারের গাড়ির গতি কমালে ২/৩ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ফারুক হোসেনের মাথায়, ঘাড় এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, এবিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
