সাভারে বস্ত্র গবেষণা ইনস্টিটিউটে বিক্ষোভ, ভাংচুর
অধ্যক্ষের পদত্যাগসহ আট দফা দাবিতে সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, স্বেচ্ছাচারী অধ্যক্ষ তাদের কাছে অতিরিক্ত ফি আদায় করেন এবং সময়মতো নির্ধারিত পাঠ্যক্রম শেষ করতে পারেন না।
বিক্ষোভের একপর্যায়ে বিকাল ৫টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবিরকে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
পরে বিক্ষুব্ধরা ভেতরের জানালা গ্লাস ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে। কাঠের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করতে থাকে।
খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রায় একঘণ্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষকে মুক্ত করে পুলিশ।
পরে অধ্যক্ষের একটি কুশ পুত্তলিকা দাহ করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
ঢাকা জেলার এএসপি রাসেল শেখ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
