পাওনা টাকার জন্য খুন
রাজধানীর পূর্ব তেজতুরী বাজারে খুন হয়েছেন এক সবজি ব্যবসায়ী।
তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আরেক সবজি ব্যবসায়ী দাবি করেছেন, পাওনা টাকা না পেয়ে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
নিহতের নাম কালু মিয়া। গ্রেপ্তার ব্যক্তির নাম মুন্না। তারা দুজনই কারওয়ান বাজারে সবজির পাইকারি ব্যবসা করেন বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে পূর্ব তেজতুরী বাজার এলাকার রাস্তার পাশ থেকে কালুর লাশ উদ্ধার করা হয়।
ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাতে মৃত্যু হয়েছে কালুর। তাকে হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
মুন্না পুলিশকে বলেছেন, কালু কয়েক মাস আগে তার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নিয়েছিল। সে টাকা না দেওয়ায় তিনি কালুকে ক্ষুর দিয়ে আঘাত করেছিলেন।
