বাল্যবিয়ে নিজেই ঠেকাল কিশোরী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গীসহ পালিয়েছে বর।
বাল্যবিয়ে ঠেকাতে ওই কিশোরীর উদ্যোগেই পুলিশ সেখানে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
ধরখার ইউনিয়নের রানীখার এসএ হান্নান মাধ্যমিক ও কারিগরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মালয়েশিয়াপ্রবাসী এক যুবকের বিয়ের কথা ছিল।
রাণীখার ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির অসম্মতিতেই পরিবারের সদস্যরা শুক্রবার রাতে ওই বিয়ের উদ্যোগ নিয়েছিলেন।
“রাত আটটার দিকে বরযাত্রী কনের বাড়ি পৌঁছলে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে কয়েকজন সহপাঠীর সহযোগিতায় গ্রামের স্কুলশিক্ষক মুজিবুর রহমান ওরফে আজাদ মাস্টারের বাড়িতে আশ্রয় নেয়।”
পরে ওই শিক্ষক বিষয়টি আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বিয়ে বন্ধ করতে স্থানীয় ফাঁড়ির পুলিশকে মেয়েটির বাড়িতে পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ অন্যরা পালিয়ে যায়।
শিক্ষক মুজিবুর রহমান বলেন, “আমি প্রায়ই সচেতনতার লক্ষ্যে বাল্যবিয়ে সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে আলোচনা করতাম। তাদেরকে বলতাম, কোনো মেয়েকে যদি অল্প বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে যেন তারা আমাকে জানায়।”
ধরখার ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মজিবুর রহমান জানান, মেয়েটিকে পরে স্থানীয় গ্রামের গণ্যমান্যদের উপস্থিতিতে অভিভাবকের কাছে দেওয়া হয়েছে।
এসময় মেয়েটির বাবা-মা উপস্থিত লোকজনের সামনে বিয়ের নির্ধারিত বয়সের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান তিনি।
বাংলাদেশের আইনে ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে নিষিদ্ধ।
