ফেনীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ ও ভাংচুরের পর পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এ সংঘর্ষ হয়ে মহীপাল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
তবে, সংঘর্ষে কোনো আহতের খবর জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনার পর সন্ধ্যা থেকে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ফেনীর বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক।
তিনি জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের শেষ অংশ থেকে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়।
সেখান থেকে পুলিশ ধাওয়া করলে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল এলাকায় ব্যারিকেড দিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে।
তিনি বলেন, ওই সময় পুলিশ কয়েকরাউন্ড শটগানের গুলি ও টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রায় একঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
