চট্টগ্রামে চার হাজার স্কুলে বই বিতরণ
চট্টগ্রামের চার হাজার স্কুলের নয় লাখেরও বেশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ার মধ্য দিয়ে বছর শুরু করেছে।
বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষগুলো বই বিতরণ ও অভিভাবক সমাবেশ ডেকে হাতে বই তুলে দেয়ার পর শিক্ষার্থীরা বাঁধভাঙ্গা উল্লাসে মাতে।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার চট্টগ্রাম নগরী ও জেলা মিলে মোট চার হাজার ১২০টি স্কুলের নয় লাখ ১৫ হাজার ১৬৫ শিক্ষার্থীর হাতে আমরা বই দিয়েছি।
“মোট ৫২ লাখ ২৮ হাজার ৭৬৬টি বই আমরা বিতরণ করা হয়েছে।”
তিনি বলেন, “প্রাক-প্রাথমিকের কিছু বই যেগুলো মূলত বাচ্চাদের স্কুলমুখী করার জন্য দেয়া হয় সেগুলো এসে পৌছায়নি। চার বা পাঁচ তারিখের মধ্যে সেগুলো চলে আসবে।”
নতুন বই পাওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিক্ষার্থীরা জানিয়েছে তাদের ভালো লাগার কথা।
রেলওয়ে পাবলিক হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র নাফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর বলে, “বইগুলো দেখতে অনেক সুন্দর। আমি অনেক খুশি।”
শিক্ষার্থীদের অভিভাবকরাও বছরের শুরুতে বই শিক্ষার্থীদের হাতে বই আসায় সরকারকে ধন্যবাদ জানান।
একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তারের অভিভাবক মুন্নি আক্তার বলেন, “যথাসময়ে নতুন বই পেয়ে দুশ্চিন্তা থেকে মু্ক্ত হলাম। শিক্ষার ইতিহাসে এ উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।”
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান ইয়াকুবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম পর্যন্ত প্রায় দুই হাজার চার’শ শিক্ষার্থী আছে।
প্রতিজন শিক্ষার্থীকে চৌদ্দটা বিষয়ের ওপর চৌদ্দটা বই দেয়া হয়েছে।
“ষষ্ঠ থেকে নবম পর্যন্ত এক হাজার চার’শ শিক্ষার্থীর হাতে প্রায় ১৯ হাজার ছয়’শ বই দেয়া হয়েছে।”
