২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টসে ‘বঞ্চনার’ কথা শোনালেন কর্মীরা

ভারতে পাচার হওয়া কয়েকজন নারী ফিরে এসে শোনালেন তৈরি পোশাক কারখানায় নানাভাবে নির্যাতিত হওয়ার কাহিনি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 08:03 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

ভালো বেতনের চাকরির লোভে দালালের খপ্পরে পড়ে তারা ভারত যান। সেখানে কিছুদিন দুর্বিসহ জীবনযাপন করে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ফিরে আসেন।

বৃহস্পতিবার এমন ৪২ জনকে নিয়ে দুদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংগঠন।

‘রাইটস যশোর’ এর কর্মকর্তারা জানান, ‘শেম অ্যান্ড রেজিলিয়েন্স’ শিরোনামের এ কর্মশালার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক হুমাউন কবীর।

জেলা প্রশাসকের বক্তব্যের মাঝখানে তাকে থামিয়ে দিয়ে কথা বলে ওঠেন কর্মশালায় অংশ নেওয়া এক নারী।

তিনি (নাম প্রকাশ করা হলো না) বলেন, “আমরা গরীব ঘরের মেয়ে। কোনোরকমে খেয়ে-পরে বেঁচে থাকার জন্য গার্মেন্টসে কাজ করি। কিন্তু, আমাদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তাও ঠিকমতো দেয় না মালিক। বাধ্য হয়েই মেয়েরা চলে যায় বোম্বে (মুম্বাই), দিল্লিসহ নানা দেশে।”

সামান্য থেমে ওই নারী আবার বলন, গার্মেন্টসে বেতন দেয় দুই থেকে আড়াই হাজার টাকা। সুপারভাইজার এখান থেকেও টাকা কাটে। প্রতিদিন ৫ ঘণ্টা ওভারটাইম। প্রতিঘণ্টায় ১৫ টাকা হিসেবে দেওয়ার কথা। কিন্তু দেয় পাঁচ থেকে ছয় টাকা।

সব শ্রমিকেরই কমপক্ষে দুই মাসের বেতন আর ওভারটাইমের টাকা আটকে রাখে মালিকপক্ষ, যাতে অন্য কোথাও কেউ চলে যেতে না পারে।

“এমন পরিস্থিতিতে কেউ যদি ভালো চাকরির কথা বলে তাহলে না বলার আর সুযোগ থাকে না।”

জেলা প্রশাসক তার আলোচনায় বলেন, সরকার নারীদের আর্থসামাজিক উন্নয়নে নানামুখী কর্মকান্ড পরিচালনা করছে। নারী শিক্ষার জন্যও নেওয়া হয়েছে বৃত্তিমূলক শিক্ষা। এসব সুবিধা গ্রহণ করে নারীদের স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারলেই পাচার প্রতিরোধ হবে।

কর্মশালায় যশোরের সিনিয়র এএসপি রেশমা শারমিন বলেন, যারা ফিরে এসেছেন তারা তিক্ত অভিজ্ঞতা সঙ্গী করে নিয়ে এসেছেন। এখন সেটা ভুলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। স্বাবলম্বী হওয়ার জন্য আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ নিতে হবে।

তাহলেই বেশি আয়ের প্রলোভনে বিদেশে গিয়ে আর মরিচিকার পেছনে ছুটতে হবে না।

প্রশিক্ষণে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ভিকটিমদের মানসিক ক্ষত দূর করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তাদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রাইটস যশোরের কার্যালয়ে এ কর্মশালায় সংস্থাটির সহসভাপতি মঞ্জুর হোসেন মুকুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যশোর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান মিয়াও বক্তব্য রাখেন।

ভারতে পাচারের শিকার এই ৪২ নারীকে ১৫ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনে ‘রাইটস যশোর’।

এদের মনের ভয় ও জড়তা দূর করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তার জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, ভারত থেকে উদ্ধার হয়ে ফিরে আসা ৪২ জনের মধ্যে নয় জন গার্মেন্টসে চাকরি করতেন।

এরা জানান, মজুরি বৈষম্য ছাড়াও গার্মেন্টস শ্রমিকদের নানা অত্যাচারের শিকার হতে হয়। বিশেষ করে সুপারভাইজাররা শ্রমিকদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে গালাগাল করে। পরপর তিন দিন দুই থেকে তিন মিনিট দেরি করে কাজে গেলে এক দিনের মজুরি কেটে রাখে।