নাটোরে জামায়াতের কার্যালয়ে ভাংচুর
আওয়ামী লীগ ও শিবির সমর্থকদের সংঘর্ষের একদিন পর নাটোরের বড়াইগ্রাম পৌর জামায়াতে ইসলামীর কার্যালয় ভাংচুর হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীকোল বাজারে অবস্থিত এই কার্যালয়ে ভাংচুর চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জোবায়ের হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টায় বড়াইগ্রামের ৮ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসলেম উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা লক্ষ্মীকোল বাজারে লাঠি মিছিল বের করেন।
মিছিলটি বাজারের মধ্যে অবস্থিত পৌর জামায়াতের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হওয়া মাত্র নেতাকর্মীরা ওই অফিসে ব্যাপক ভাংচুর করেন। পরে তারা কার্যালয়ের আসবাবপত্র বের করে এনে ভাংচুর করেন।
তবে আওয়ামী লীগ নেতা মসলেম উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে বলেন, “কারা অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে তা আমার জানা নেই।”
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ভাংচুরের কথা তিনি শুনেছেন। তবে কারা ভেঙেছে তা বলতে পারবেন না।
এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
এর আগে বুধবার সন্ধ্যায় ওই বাজারে শিবিরকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়।
